বট খুঁজে দেবে মনের মানুষ!
বিশ্বজুড়ে দিনকে দিন ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এরইমধ্যে এটি গদ্য, কবিতা এমনকি কম্পিউটার কোড অন কমান্ডের খসড়া তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছে। সেই ব্যঞ্জনায় এবার যোগ্য সঙ্গী খুঁজে দিতে অদূর ভবিষ্যতে আসতে চলেছে এআই ডেটিং অ্যাপ। ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী তার পার্টর্নার খুঁজতে এরই মধ্যে ‘কিউপিডবট’ নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ তৈরি করছে জনপ্রিয় এক ডেটিং অ্যাপ সংস্থা।
ওই সংস্থার প্রাক্তন একদল পূর্তকর্মীর দাবি, তারা এমন একটি এআই চ্যাটবট তৈরি করে ফেলেছেন, যেটি কিনা ডেটিং অ্যাপ ব্যবহারকারীর হয়ে কথা বলে যোগ্য সঙ্গীর খোঁজ করে দেবে। শুধু তা-ই নয়, কথা হলে যোগ্য মনে হলে কোন দিন দেখা করা যেতে পারে, তার সম্ভাব্য দিনক্ষণও ঠিক করে দেবে।
ওই ডেটিং অ্যাপ সংস্থার ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, ‘কিউপিডবট’ নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তা যে কোনও ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী তাদের যোগ্য সঙ্গী খুঁজে দেবে। উল্টো দিকে যিনি আছেন, তার সঙ্গে দেখা করার দিনক্ষণ পাকা করে তবেই জানানো হবে।
অনলাইন হ্যান্ডেলগুলোতে এই খবর ছড়িয়ে পড়া মাত্রই এ বিষয়ে উড়ে এসেছে নানা রকমের মন্তব্য। কেউ বলছেন, “এ জাতীয় প্রযুক্তি টাকাপয়সা হাতানোর ফাঁদ ছাড়া আর কিছুই নয়।” আবার কেউ বলছেন, “মনের মানুষ খুঁজতে মন ছাড়া আর সব কিছুই আছে।”
আর এর মাধ্যমেই কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির কাজ এখন হতে চলেছেন‘সর্বঘটে কাঁঠালি কলা’-র মতো।







